: মেছো ভেড়ির আলা ঘরে রক্তাক্ত সংঘর্ষ, লোহার রডের আঘাতে খুন পাহারাদার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত আটপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেছো ভেড়ির আলা ঘরে দুই পাহারাদারের মধ্যে বচসাকে কেন্দ্র করে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এদিন গভীর রাতে ২ নম্বর ফিসারিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেছো ভেড়িতে কর্মরত দুই পাহারাদারের মধ্যে হঠাৎ করেই গণ্ডগোল ও তীব্র বচসা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় অপর এক পাহারাদার লোহার রড দিয়ে তারক নামে এক পাহারাদারের মাথায় সজোরে আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানকার অন্যান্য কর্মীরা চিৎকার শুনে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তারককে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চললেও তার আগেই মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পাহারাদার এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। পুলিশ গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কী কারণে দুই পাহারাদারের মধ্যে এই বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ফিসারিতে রাতের ডিউটি নিয়ে মাঝেমধ্যেই কর্মীদের মধ্যে অশান্তি লেগেই থাকত। তবে সেই অশান্তি যে এমন ভয়াবহ পরিণতি নেবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।