লাগাতার তাচ্ছিল্য-উপহাসের সঙ্গে লড়াই, কান্দির যুবকের মুকুটে কেন্দ্র সরকারের বড় সম্মান
News18 বাংলা | ২৯ মে ২০২৬
নেশা অভিনয়, অনেকেই করেছিল তাচ্ছিল্য। কিন্তু তাতে দমে যাননি কৃষ্ণপ্রসাদ। কারণ তাঁর সংগ্রাম থেকেই এল জাতীয় স্তরে স্বীকৃতি। মুর্শিদাবাদের ছোট শহর কান্দি। সেই শহরেরই খোশবাসপুর গ্রামের এক যুবকের সাফল্যে এখন গর্বিত গোটা এলাকা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ‘ইয়ং আর্টিস্ট’ সম্মানে ভূষিত হয়েছেন কৃষ্ণপ্রসাদ পাল।
থিয়েটারের মঞ্চকে ভালবেসে বছরের পর বছর ধরে যে লড়াই, যে একাগ্রতা ছিল, তারই স্বীকৃতি মিলল জাতীয় স্তরে। জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রতিভার মধ্যে মাত্র ২৬ জন শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন কান্দির এই যুবক। স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছে পরিবার, বন্ধু থেকে এলাকার মানুষজনও।
ছোট শহরের মাটিতে দাঁড়িয়ে বড় স্বপ্ন দেখার সাহস যে এখনও বেঁচে আছে, কৃষ্ণপ্রসাদের এই সাফল্য যেন ফের সেই বার্তাই তুলে ধরল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই সম্মান পাওয়ার পর কৃষ্ণপ্রসাদ জানালেন, থিয়েটার শুধু তাঁর শিল্প নয়, তাঁর জীবনের এক আবেগ। ছোট থেকেই ছিল অভিনয় নেশা। আর সেই নেশাকে ভর করে সংগ্রাম তৈরি করে আজকে এই জায়গায় পৌঁছনো।
মধ্যপ্রদেশ, জম্বু কাশ্মীর এমনকী বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুকুটে মিলেছে এই সরকারি স্বীকৃতি। ফলে উচ্ছ্বসিত কৃষ্ণপ্রসাদ পাল। আর ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত পরিবারের সদস্যরাও। তাঁদের কথায়, বহু কষ্ট, ত্যাগ আর নিরলস পরিশ্রমের ফল আজকের এই স্বীকৃতি। জাতীয় মঞ্চে কান্দির মুখ উজ্জ্বল করা এই যুবক ও তাঁর পরিবারের মুখ থেকেই শোনা গেল সাফল্যের সেই লড়াইয়ের গল্প।