চাপড়ায় ভয়াবহ দুর্ঘটনা! বাসের ধাক্কা টোটোতে! ঘটনাস্থলেই মৃত ১
News18 বাংলা | ২৯ মে ২০২৬
নদীয়া: সমীর রুদ্র: চাপড়ায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হল এক ফেরিওয়ালার। টোটোতে চেপে তিনি ফিরছিলেন সেই সময়েই বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ফেরিওয়ালার। জানা গিয়েছে, মৃতের নাম প্রশান্ত সর্দার। তাঁর বাড়ি তেহট্টের হাউলিয়া মোড় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাপড়ার চারাতলা এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি একটি টোটোতে চেপে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন পণ্যের ফেরি করতেন। এদিন সকালে তিনি তেহট্ট থেকে চাপড়ার দিকে আসছিলেন। সেই সময় কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চারাতলার কাছে তাকে প্রচণ্ড জোরে বাস ধাক্কা মারে। এরফলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এর আগে ৮ মে মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর জখম হন চালক-সহ চারজন। শুক্রবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাস চালক-সহ চারজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মালতীপুর দিক থেকে মালদহ শহরের উদ্দেশে আসছিল যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। রথবাড়ি এলাকায় ঢোকার মুখে, জেব্রা ক্রসিংয়ের কিছুটা আগে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ডিভাইডারে থাকা পথবাতির পোলে সজোরে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।