• ৬মে সারাদিন বাড়িতেই ছিলেন! ‘সই কীভাবে হল?,’ জানেনই না তৃণমূল বিধায়ক বাহারুল, স্বাক্ষর কাণ্ডে এবার বৈঠকে বসলেন শোভনদেব
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • বিধানসভায় বিরোধী দলনেতার রেজোলিউশন জমা দেওয়ার সময় সই বিতর্কে নতুন করে ঘৃতাহুতি দিলেন এক তৃণমূল বিধায়ক নিজেই৷ জানালেন সংশ্লিষ্ট তারিখে তিনি সারাদিন বাড়িতেই ছিলেন৷ তিনি জানেন না ওই সই কী ভাবে হল৷ প্রসঙ্গত, বিধানসভায় সই জালের অভিযোগ ঘিরে গত বৃহস্পতিবারই চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডি-র একটি দল৷ প্রায় দেড় ঘণ্টা সেখানে তাঁরা বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে৷ সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল হস্তরেখাবিদকেও৷ নয়নার প্যান কার্ডের স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা হয় বিধানসভায় জমা দেওয়া চিঠির স্বাক্ষর৷

    ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম–এর স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য যে রেজুলেশন করা হয়েছিল, তাতে বাহারুল ইসলাম এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জাল করা হয়েছে।

    তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম দাবি করেন, ৬মে তিনি সারাদিন বাড়িতেই ছিলেন এবং বাইরে যাননি। তাঁর প্রশ্ন, “আমি যদি বাড়িতেই থাকি, তাহলে আমার সই কীভাবে হল?” পাশাপাশি, তিনি দলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

    অন্যদিকে, ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং পূর্বে পরিস্থিতি আগেই উত্তপ্ত ছিল। এখন এই স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধছে।

    বিধানসভায় সই কাণ্ডে শুক্রবার সিআইডি-র কাছে যাওযার কথা কুণল ঘোষের৷ গত বৃহস্পতিবার নয়না বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভায় সই কাণ্ডে কুণালের কাছেও গিয়েছিল সিআইডির দল। কিন্তু, তিনি বাড়িতে না থাকায়,ফোনে যোগাযোগ করা হয়। তখনই তিনি সিআইডি-কে জানিয়েছিলেন, দু’একদিনের মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হবেন কুণাল। শুধু নয়না, কুণাল নন, অভিযোগে তাপস মাইতি, বাহারুল ইসলামের নামও ছিল বলে সূত্রের খবর৷
  • Link to this news (News18 বাংলা)