• ফলতায় ১৫ ‘মৃত’ ভোটার হয়ে গিয়েছিল জীবিত! তৃণমূলের চাপে নাম তোলার অভিযোগ, বিস্ফোরক স্বীকারোক্তি বিএলও-র
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • ভোটার তালিকায় কারচুপি করতে এবার চাপ দেওয়ার অভিযোগ৷ রাজ্যের ক্ষমতার পালাবদলের পরে মুখ খুললেন এক বিএলও৷ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার বেলসিংহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকোপা গ্রামের ১৮৫ নম্বর বুথে এসআইআর সংশোধিত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অন্তত ১৫ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মৃত ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেস ব্যবহার করত।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে, তাঁদের মধ্যে অনেকেই দু’ থেকে তিন বছর আগে মারা গিয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পর থেকেই তাঁদের রেশন পরিষেবা বন্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি বাড়িতে ভোটের স্লিপ পৌঁছতেই তারা জানতে পারেন, মৃত ব্যক্তিদের নাম জীবিত অবস্থায় ভোটার তালিকায় রয়েছে।

    এই ঘটনায় আরও বিতর্ক তৈরি হয়েছে সংশ্লিষ্ট বুথের বিএলও দীপ্তি হালদারকে ঘিরে। স্থানীয়দের দাবি, তিনি সম্প্রতি ব্লকের ‘সেরা বি এল ও’ পুরস্কারও পেয়েছেন। অভিযোগের মুখে বিএলও নিজের মুখে স্বীকার করেছেন যে রাজনৈতিক চাপের কারণে মৃত ভোটারদের জীবিত দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের চাপেই এমন কাজ করতে বাধ্য হয়েছেন।

    অন্যদিকে, এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

    দক্ষিণ ২৪ পরগনার ফলতার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা বঙ্গনগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চাকদারকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তৃণমূল নেতার বিরুদ্ধে বাড়িতে অবৈধ প্রবেশ, মারধর, গুরুতর আঘাত, খুনের চেষ্টা, চুরি, ভাঙচুর, হুমকি এবং দলবদ্ধভাবে অপরাধে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 329(3), 329(4), 115(2), 118(2), 109, 76, 324(4), 303(2), 351(3), 3(5) ধারায় মামলা রুজু করে পুলিশ। অন্যদিকে তৃণমূল নেতা ইসরাফিল চাকদারের গ্রেফতারের পরে ফলতার হাসিম নগরে আবির মেখে উচ্ছ্বাসে মাতেন মহিলারা। তাদের দাবি অবিলম্বে জাহাঙ্গির খান সহ অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে।
  • Link to this news (News18 বাংলা)