• শেষ হবে ব্যারাকপুরে ঘনঘন লোডশেডিংয়ের দিন? বিদ্যুৎ বিভ্রাট রুখতে বড় পদক্ষেপ নয়া সরকারের প্রশাসনের
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • : ব্যারাকপুর মহকুমার একাধিক এলাকায় ঘনঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সাধারণ মানুষ। আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় নিত্যদিনের কাজকর্ম থেকে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বিধায়কের সঙ্গে বৈঠকের পরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। আগামী দিনে ব্যারাকপুরে ২০টি নতুন ট্রান্সফরমার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    বুধবার বিদ্যুৎ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচী। বৈঠকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়াররা জানান, অতিরিক্ত চাপ বা ‘ওভারলোডিং’ এবং বিভিন্ন এলাকায় হুকিং করে বিদ্যুৎ চুরির জেরেই মূলত এই সমস্যা তৈরি হচ্ছে। বহু পুরনো ট্রান্সফরমারেও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিচ্ছে বলে দাবি তাঁদের। বৈঠকের পর কৌস্তভ বাগচী জানান, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা থেকে ঘনঘন লোডশেডিংয়ের অভিযোগ তাঁর কাছেও এসেছে। সেই কারণেই দ্রুত পরিস্থিতি সামাল দিতে ট্রান্সফরমার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কোথায় নতুন ট্রান্সফরমার প্রয়োজন, তার তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

    বিধায়ক বলেন, “ওভারলোডিং এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কিছু এলাকায় অবৈধ হুকিংয়ের ঘটনাও চলছে। বিদ্যুৎ চুরি বন্ধ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। বিদ্যুৎ দফতরকে বলেছি, প্রয়োজনে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে। কেউ বাধা দিলে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, রাজ্যে বিদ্যুতের কোনও ঘাটতি নেই। তা হলে সাধারণ মানুষ কেন লোডশেডিংয়ের ভোগান্তি সহ্য করবেন! ট্রান্সফরমারের সমস্যাগুলি দ্রুত মেরামত বা পরিবর্তন করে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে হবে। প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হতে পারে। এতে ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কিছুটা স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)