• '৬ তারিখ...!' কাটোয়ায় বহু প্রতীক্ষিত রোড ওভারব্রিজ নিয়ে আসতে পারে বড় খবর, সুখবর দিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • : চার জেলার সংযোগস্থল হিসেবে কাটোয়া শহরের গুরুত্ব দিন দিন বাড়ছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের নিত্য যোগাযোগের অন্যতম ভরসা এই শহর। অথচ সেই গুরুত্বপূর্ণ শহরের মূল প্রবেশ পথেই দীর্ঘদিন ধরে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া রেলগেট। দিনের অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

    কাটোয়া জংশন দিয়ে প্রতিদিন ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-বর্ধমান, কাটোয়া-আমোদপুর ও কাটোয়া-আজিমগঞ্জ শাখা মিলিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন চলাচল করে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে মালগাড়ির সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সময় ধরে রেলগেট বন্ধ থাকছে। স্থানীয়দের দাবি, সারাদিনে প্রায় ১৫০ বার গেট নামানো হয় এবং প্রায় ১২ ঘণ্টা সময় গেট বন্ধ থাকে। ফলে শহরে ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।

    স্থানীয় বাসিন্দা শুভাশীষ ব্যানার্জী বলেন, “এই রেলগেটের কারণে আমাদের চরম অসুবিধা হয়। এই সমস্যা দীর্ঘদিনের। ফ্লাইওভার হলে আমরা বাঁচব, আমাদের সময় বাঁচবে।” সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ। অ্যাম্বুল্যান্সে থাকা রোগীকেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রেলগেটের সামনে। ট্রেন যাওয়ার অপেক্ষা, তারপর গেট ওঠার অনিশ্চয়তা, সব মিলিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের পরিবার। বিগত কয়েক দশকে একাধিক জনপ্রতিনিধি কাটোয়াতে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে কাজ শুরু হয়নি। তবে এবার নতুন করে আশার সঞ্চার হয়েছে শহরবাসীর মধ্যে। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, খুব শীঘ্রই রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হতে পারে। এই প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক কৃষ্ণচন্দ্র ঘোষ বলেন, “অবশ্যই হবে, কেন হবে না? কাটোয়ার মানুষকে কথা দিয়েছি। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, কাজও করি। কাটোয়ায় রেল ব্রিজ হবে মানে হবে।”

    তিনি আরও জানান, “প্রক্রিয়া চলছে। আগামী ৬ তারিখে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। তারপর বিস্তারিত জানানো হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করছি।” শহরের পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন আবাসন, শপিং মল গড়ে উঠছে কাটোয়ায়। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন এই শহরে প্রতিদিন মানুষের চাপও বাড়ছে। তাই বহুদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে এবার বাস্তবেই ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলেই আশাবাদী শহরবাসী। এখন দেখার বিষয় কতদিনে সম্পূর্ণ হয় সাধারণ মানুষের দীর্ঘদিনের এই স্বপ্ন।
  • Link to this news (News18 বাংলা)