লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় কাজ সেরে ফেললেন রেখা পাত্র
News18 বাংলা | ২৯ মে ২০২৬
: হিঙ্গলগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি বিধায়িকা রেখা পাত্রের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার ফর্ম। এদিন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে ফর্ম তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র।
এদিন এলাকার বহু মহিলার সঙ্গে কথা বলেন বিধায়িকা। তাদের সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করেন এবং প্রয়োজনীয় তথ্যও জানান। সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। বিধায়িকা রেখা পাত্র বলেন, “প্রকৃত গরিব মানুষ যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। কোনও অনুপ্রবেশকারী যেন এই প্রকল্পের সুযোগ না নিতে পারে, সেই বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে।” তিনি আরও জানান, সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে গিয়ে সরকারি পরিষেবা তুলে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। যাতে কোনও যোগ্য ব্যক্তি এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে এলাকার মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম তুলে দেওয়া হয়।
সরকারি এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। বহু মানুষ মনে করছেন, দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন বিধায়িকা বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন। অনেকেই সরকারি প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, যার উত্তর দেন প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন: ১৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে তছনছ শিলিগুড়ি! উপড়ে পড়ল গাছ, বিপর্যস্ত জনজীবন
গ্রামের মহিলারা জানান, বাড়িতে এসে ফর্ম দেওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। দূরে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে বলেও মত প্রকাশ করেন তাঁরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় এভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলির কর্মসূচি চলবে। যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।