• দুপুরেই আঁধার নামল কলকাতায়, ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি
    এই সময় | ২৯ মে ২০২৬
  • Breaking: দুপুরের পরেই কলকাতায় নামল স্বস্তির বৃষ্টি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এ দিন দুপুরে প্রবল বৃষ্টিপাত হয়। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এ দিন ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে।

    শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান-সহ একাধিক জেলায় অঝোরে বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দমকা বাতাসের সঙ্গে ঝোড়ো বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা রয়েছে।

    ঝড়ের কারণে কলকাতা শহরে একাধিক জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবীন্দ্র সরোবরের সাত নম্বর গেটের কাছে ট্রাফিক জ্যাম হয়। ৭৮ টালিগঞ্জ রোড, রাসবিহারী অ্যাভিনিউ, হরিশ মুখার্জি রোডেও গাছের ডাল ভেঙে পড়েছে।

    ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই সময়ে জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার ব্যাপারে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল আগেই।

    হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমে যায়। কয়েকদিনের তীব্র গরমে নাজেহাল ছিল শহরবাসী। বৃষ্টির কারণে অস্বস্তিকর পরিবেশের বদল হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।

  • Link to this news (এই সময়)