Big Breaking: দুপুর গড়িয়ে বিকেলের মুখে আচমকা ব্যাপক ঝড়-বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার বিকেল প্রবল বৃষ্টি ও হাওয়ার দাপটে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে।
বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বিঘ্নিত হয়েছে। ঘণ্টাখানেক ধরে উড়ান পরিষেবা হোঁচট খেয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনেও ঝড়ের ধাক্কা লেগেছে। ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেড ভেঙে গিয়েছে। বৃষ্টির জল ঢুকে থইথই অবস্থা প্ল্যাটফর্মের।
মধ্যমগ্রামে গাছ পড়ে শিয়ালদহ বনগাঁ রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। যদি রেলের তরফে দাবি, দ্রুত সেই ভেঙে পড়া গাছের অংশ কেটে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেল। ওই শাখাতেই বিরা ও গুমা স্টেশনের মাঝেও ওভারহেড তারে গাছ পড়ে রেল পরিষেবায় ধাক্কা লেগেছে। কল্যাণী সেকশনেও ওভারহেড তারে গাছ ভেঙে পড়েছে বলে শোনা যাচ্ছে। ফলে সেখানেও পরিষেবা বিঘ্নিত হয়েছে।
সল্টলেকে গাড়ির উপর ভেঙে পড়েছে আস্ত গাছ। ভেঙে গিয়েছে গাড়িটি, চালকও আহত হয়েছেন বলে শোনা গিয়েছে। কলকাতা শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। টালিগঞ্জ, নেতাজিনগর-সহ দক্ষিণ শহরতলি এলাকায় একাধিক গাছ ভেঙে পড়েছে। রবীন্দ্র সরোবরের সাত নম্বর গেটের কাছে গাছ ভেঙে পড়েছে। রাসবিহারী অ্যাভিনিউতে গাছ ভেঙে গাড়ির উপর পড়েছে। হরিশ মুখার্জি রোডেও ভেঙে পড়েছে গাছ
শহরের একাধিক বহুতলের কাচ ভেঙেছে ঝোড়ো হাওয়ার দাপটে। সাউথ সিটি মলের জানলার কাচ ভেঙে পড়েছে। বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্ক এলাকায় একাধিক গাছ ভেঙে রাস্তা কার্যত বন্ধ। বাবুঘাট থেকে প্রিন্সেপঘাট যাওয়ার রাস্তার উপর ভেঙে পড়েছিল বড় গাছ। সেই গাছ কেটে সরিয়ে দিচ্ছে পুরসভা। কলকাতা পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়ার ঘটনা শোনা গিয়েছে। কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।