রাজ্যে ১ অগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা বা সেন্সাসের কাজ। নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১ অগস্ট থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কাজ চলবে। রাজ্যের সমস্ত নাগরিককে এই কাজে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘জনগণনায় আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করব। এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে সেন্সাসের পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ। এই রাজ্যের সঙ্গে ৬০০ কিলোমিটার বাংলাদেশের সীমান্ত রয়েছে। এর কিছু অংশে ফেন্সিং না থাকায় ও পূর্বতন সরকার বিএসএফকে ল্যান্ড না দেওয়ার জন্য আমাদের ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে।’
এ বার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই জনগণনার কাজ শুরু হয়েছে। শুভেন্দু জানান, এই রাজ্যে অনেক পরে সেন্সাসের কাজ শুরু হলেও সময়ের মধ্যেই যাতে সেটা শেষ করা যায়, সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণ জনগণকে এই কাজে সহায়তা করার বার্তাও দিয়েছেন তিনি।
রাজ্যে দেরিতে জনগণনার কাজ হওয়ার জন্যে পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যসচিবকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘এই বিষয়টি ক্যাবিনেটের বিষয় নয়। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত। মুখ্যসচিব নিতে পারতেন। কিন্তু অত্যন্ত খারাপ রেকর্ড হলো, পূর্বতন মুখ্যসচিব জনগণনার ক্ষেত্রেও রাজনৈতিক সম্মতির অপেক্ষায় ছিলেন।’