আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন-উত্তর পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় অস্বস্তিতে তৃণমূল কর্মীরা। অভিযোগ, অনেক জায়গাতেই ঘাস-ফুল কর্মীদের ধরে মারধরও করা হয়েছে। এই অবস্থাতেও ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আর মাঠা-ময়দানে দেখা য়ায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যা নিয়ে দলের বহু কর্মী, জনপ্রতিনিধিদের মনেও সংশয় দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনা। জানা গিয়েছে, ঘাসফুল শিবিরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবার রাস্তায় নামছেন অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার (৩০ মে, ২০২৬) প্রথম দফায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ এবং কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
কেন এই দুই কেন্দ্র কে বেছে নিলেন অভিষেক? সোনারপুর দক্ষিণে ভোট-পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। অভিষেক যাবেন তাঁর বাড়িতে। ওইদিনই তিনি যাবেন বেলেঘাটা জখম দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের কাছেও।
উল্লেক্য, ৪ঠা মে ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল কার্যত ছন্নছাড়া। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলস্তরের কর্মীরা আক্রান্ত হলেও দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ কেন রাস্তায় নেমে নেতৃত্ব দিচ্ছেন না, তা নিয়ে দলের অন্দরেই চোরা ক্ষোভ তৈরি হয়েছিল। প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। একই পথের পথিক দলের একাধিক পরাজিত প্রার্থী, কলকাতা পুরসভার দুই কাউন্সিলরও।
শেষপর্যন্ত অবশ্য পথে নেমে দলের আক্রন্তদের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন অভিষেক।