• বিকেলের পর বদলাবে আবহাওয়া, ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস
    আজ তক | ২৯ মে ২০২৬
  • ফের কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে বিভিন্ন এলাকায়।

    হাওয়া অফিস জানিয়েছে, আজ সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এই সব জায়গায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা এবং শহরতলি এলাকাতেও বিকেলের পর আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। সেখানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    শনি ও রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে। তবে তার তীব্রতা তুলনামূলক কম থাকবে। এই সময় ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং আবারও বাড়বে গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে পূর্বাভাস।

    উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আর কোনও সতর্কতা নেই। আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়া আরও স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

     
  • Link to this news (আজ তক)