• বিষমদে মৃত্যুমিছিল এবার পুণেতে! দু’দিনে ১৮ জনের মৃত্যু, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • বিষমদের জেরে মৃত্যুর তাণ্ডব চলল মহারাষ্ট্রের পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে এলাকায়। মাত্র ৪৮ ঘণ্টায় এই দুই অঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বহু মানুষ। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে বিষমদ বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিষমদের মৃত্যুর প্রথম খবর সামনে আসে পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায়। গত ৪৮ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ১৩ জনের। পাশাপাশি পুনের হাদাপসার ও কালেপাদালে এলাকায় ৫ জনের মৃত্যু খবর সামনে এসেছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮। পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও বহু মানুষ। ঘটনার তদন্তে নেমে যোগেশ ওয়াংখেড়ে-সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, বেআইনি মদ বিক্রির বিরাট নেটওয়ার্ক রয়েছে এই যোগেশের। অভিযোগ, ওই ব্যক্তিই দুই এলাকায় বিষমদ সরবরাহ করেছিল।

    প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ফুগেওয়াড়ি এলাকায় বিষমদের কারণে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। খোদ মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, গোটা ঘটনায় কঠোরতম পদক্ষেপ করার জন্য।

    স্থানীয়দের তরফে জানা গিয়েছে, মদ্যপানের পর বমি ও তীব্র পেটেব্যাথা অনুভব করেন রোগীরা। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। পুলিশকে বিষয়টি জানানো হলেও তাদের তরফে শুরুতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই উপযুক্ত মামলা দায়ের করে পদক্ষেপ করা হবে। আপাতত বেআইনি মদ বিক্রির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)