• নাবালিকা ধর্ষণে আশারামের আজীবন কারাদণ্ড বহাল, যোধপুর জেলে আত্মসমর্পণ স্বঘোষিত ধর্মগুরুর
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর জেলে আত্মসমর্পণ করলেন আশারাম বাপু। বুধবারই নাবালিকা ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে রাজস্থান হাইকোর্ট। এইসঙ্গে যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণের জন্য তাঁকে নির্দেশ দেয় আদালত। এরপর বাধ্য হয়েই আত্মসমর্পণ করলেন আশারাম।

    ২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে যোধপুরের পকসো আদালত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তারপর থেকে যোধপুরেই জেলবন্দি ছিলেন আসারাম। এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে।

    সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে অন্তর্বর্তী জামিনে মুক্তও ছিলেন তিনি। ৭ জুলাই পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেওয়া দেওয়া হয়েছিল। কিন্তু, বুধবার তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার নির্দেশ দেয় আদালত। তাঁকে যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। সেই নির্দেশ মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ করেন তিনি।

    উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাস থেকে জামিনে ছিলেন আশারাম। তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই সময়টা তিনি উত্তরাখণ্ডের আশ্রমে ছিলেন। তবে বুধবার হাইকোর্টের যোধপুর বেঞ্চ আশারামের আপিল খারিজ করে দেয়। এর ফলে যোধপুর জেলে বাধ্য হয়ে আত্মসমর্পণ করলেন ৮৫ বছরের আশারাম বাপু। ধর্ষণে দোষী সাব্যস্ত হলেও, জেল খাটলেও ভক্তের অভাব নেই স্বঘোষিত ধর্মগুরুর। বৃহস্পতিবারও জেলে যাওয়ার পথে গাড়ির ভিতর থেকে অনুগামীদের অভিবাদন জানান, আশীর্বাদ করেন তিনি।    
  • Link to this news (প্রতিদিন)