• জাতীয় সুরক্ষার নামে ককরোচ পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ, কেন্দ্র ও এক্সকে নোটিস আদালতের
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠতা অভিজিৎ দীপক দিল্লি হাই কোর্টে মামলা করেন। এখুনি এই ‘পার্টি’র সমাজমাধ্যমের অ্যাকাউন্ট চালুর দাবি নাকচ করা হলেও এই বিষয়ে কেন্দ্র এবং এক্সের জবাবদিহি চাইল আদালত।

    গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’। খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠতা অভিজিৎ দীপক কটাক্ষ করেন, ‘বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসাবে দাবি করে। কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র চারদিন লাগল।’ এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এক্স থেকে উধাও হয়ে গিয়েছে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেল।

    বলা বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। কারণ আইবির তরফ থেকে দাবি করা হয়ে, এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। অন্যদিকে প্রতিষ্ঠাতা অভিজিতের কথায়, এই অ্যাকাউন্ট থেকে কোনও অন্যায় মন্তব্য করা হয়নি, উসকানিমূলক পোস্টও করা হয়নি। কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে স্রেফ। তাহলে কেন রুখে দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টের কার্যাবলি? উত্তর দেয়নি কেন্দ্র।

    এই পরিস্থিতিতে আদালতে মামলা করেন অভিজিৎ দীপক। বিচারপতি পুরুশৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চে মামলা ওঠে। বিচারপতি রিভিউ কমিটির সামনে অভিজিতের ভারচুয়াল হাজিরায় অনুমতি দিয়েছেন। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, রিভিউ যদি কমিটি মনে করে ‘ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট বন্ধ করা বেআইনি, তবে সিজেপির অ্যাকাউন্ট চালু করতে বাধ্য থাকবে কেন্দ্র এবং এক্স। এদিন কেন্দ্র এবং এক্সকে অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে নোটিস পাঠিয়ে জবাবদিহি চেয়েছে আদালত। আগামী ৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।
  • Link to this news (প্রতিদিন)