কলকাতা মেট্রো-বিপ্লব, অ্যালুমিনিয়াম থার্ড রেলের সৌজন্যে আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা!
প্রতিদিন | ২৯ মে ২০২৬
কম সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে মেট্রোর (Kolkata Metro) কোনও বিকল্প নেই। প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করেন। এবার ওই মেট্রো পথেই বিপ্লব। প্রায় ৪০ বছর পর ব্লু লাইনে বসানো হল নতুন অ্যালুমিনিয়ামের থার্ড রেল। তার ফলে লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা হবে আরও কার্যকর। এছাড়া ট্রেন চলাচলে বাড়বে গতি। আরও কম সময়ের ব্যবধানে পেতে পারেন মেট্রো।
মেট্রো করিডরে ইস্পাতের থার্ড রেল ছিল। গত ৩ বছ ধরে ধাপে ধাপে ইস্পাত সরানোর কাজ চলছিল। কলকাতা মেট্রো সূত্রে খবর, প্রথম দফায় মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দমদম পর্যন্ত কাজ কাজ হয়েছে। দ্বিতীয় দফায় মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত এই কাজ করা হবে। দৈনিক ২০০ মিটার করে থার্ড রেল বদলের কাজ হয়েছে। ইস্পাতের মতো অ্যালুমিনিয়ামের রেল জোড়ার ফলে ঝালাইয়ের বদলে পাত বসিয়ে যুক্ত করা হয়।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, এই অ্যালুমিনিয়াম থার্ড রেলের ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। প্রায় ৮৪ শতাংশ বিদ্যুতের অপচয় কমবে। প্রায় এক কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে বলেই খবর। বদলের জন্য খরচ হওয়া টাকা বিদ্যুতের সাশ্রয় থেকে আগামী তিন বছরের মধ্যে উঠে আসবে। শুধু তাই নয়। আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেলের ফলে এবার থেকে আরও কম সময়ের ব্য়বধানে পরিষেবা দেওয়াও সম্ভবপর হবে। তার ফলে বিশেষভাবে উপকৃত হবেন যাতায়াতকারীরা।