• দিনদুপুরেই রাতদুপুর! দাবদাহ থেকে মুক্তি, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় কলকাতায়
    প্রতিদিন | ২৯ মে ২০২৬
  • অপেক্ষার অবসান! স্বস্তির বৃষ্টি কলকাতায়। ভিজল শহর। দুপুরে যেন রাত নেমেছে! আকাশ কালো করে বৃষ্টি তিলোত্তমার বিভিন্ন অংশে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়। প্রায় ৭০-৮০ কিলোমিটার গতিবেগে ঝড়। শুধু কলকাতা নয়, নদিয়া, হাওড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ফলে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী আবহাওয়াবিদদের একাংশ।

    দীর্ঘ কয়েকদিন ধরে সূর্যের তাপে পুড়ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সূর্যের তেজের সঙ্গে বাতাসে আর্দ্রতা অস্বস্তি আরও বাড়িয়েছিল। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ থেকে মুখ ফিরিয়ে ছিল বৃষ্টি। অবশেষে আজ, শুক্রবার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামে মহানগরে। ঝড়-বৃষ্টিতে রফি আহমেদ কিদোয়াই মোড়ে গাছ পড়ে। তার ছিঁড়ে পড়েছে। যান চলাচল বিঘ্নিত হয়েছে। পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বড় কোনও বিপদ ঘটেনি। এ দিকে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। প্রবল ঝড়ের কারণে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনির অনেকটা অংশ খুলে গিয়েছে। বৃষ্টি ও ঝড়ের জন্য যানচলাচল ও জন সাধারণের কাজ কিছুটা ব্যাহত হলেও কোনও বড় সমস্যার খবর আসেনি। শুধু কলকাতা নয়, লাগোয়া জেলা হুগলি ও হাওড়াতেও মুষলধারে বৃষ্টি হয়েছে। নদিয়ার কল্যাণী ও হরিণঘাটাতেও শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুপুর দুটো নাগাদ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরই শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের মাঝেই শুরু হয় বৃষ্টি।

    উল্লেখ্য, আজ বিকেলের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। দু-এক জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)