ঝড়ের ব্যাপক তাণ্ডব! উড়ল মেট্রো স্টেশনের শেড, মধ্যমগ্রামে তার ছিঁড়ে বন্ধ ট্রেন
প্রতিদিন | ২৯ মে ২০২৬
স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিও ঢের। শুক্রবার দুপুরে আকাশ কালো করে ঘণ্টা প্রায় ৭০ কিলোমিটার ঝড়ের দাপটে কার্যত তছনছ তিলোত্তমা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তাঘাট। কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল। তবে সবচেয়ে সমস্যায় পড়েছে গণপরিবহণ। ঝড়ের তাণ্ডবে মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে আপাতত শিয়ালদহ-বারাসত শাখায় বন্ধ ট্রেন চলাচল। এছাড়া শিয়ালদহ-ক্যানিং শাখাতেও রেল পরিষেবা ব্যাহত।
অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে শেডের একাংশ উড়ে গিয়েছে। কবি সুভাষে মেট্রো ট্র্যাকে গাছের ডাল পড়েছে বলে খবর। তবে আপাতত এই স্টেশন মেট্রো যাতায়াত করে না বলে কোনও সমস্যা হয়নি। কিন্তু এর জেরে দুপুরে ২০ মিনিটের জন্য গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে যায়। কলকাতা বিমানবন্দরের রানওয়ে জল থইথই। আপাতত বন্ধ বিমান ওঠানামা। গলফগ্রিন, সল্টলেকের রাস্তায় গাছ পড়ায় গাড়ি যাতায়াত করতে পারছে না। সবমিলিয়ে, শুক্রবার দুপুরের ঝড়বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও জনতার ভোগান্তির শেষ নেই।
সল্টলেকের ইন্দ্রা ভবনের পাশে একটি গাড়ির উপর গাছ পড়ে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। যদিও গাড়িতে কেউ না থাকায় বড় বিপদ হয়নি, গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। সেই ছবিও ভাইরাল।
এদিন দুপুরে বেহালার বাসিন্দা অভিজিৎ ভট্টাচার্য স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। ঝড়বৃষ্টির মধ্যে আচমকা গাছ ভেঙে গাড়ির উপর পড়ে। তবে কোনওরকমে প্রাণে রক্ষা পান তাঁরা।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার সবচেয়ে অভিজাত শপিং মলও ঝড়ের প্রভাবে বিধ্বস্ত। প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর বিশাল কাচঘেরা মলে কাচের একাংশ খুলে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে হোর্ডিং। যার জেরে সৌন্দর্য নষ্ট তো হয়েইছে। পাশাপাশি মলের কর্মী ও ক্রেতারা আতঙ্কিত।
হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে।কমবে তাপমাত্রাও। অসহ্য গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর। শুক্রবার দুপুর থেকেই হাওয়া বদল শুরু হল। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় জারি লাল সতর্কতা।