অনবরত ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি শহর কালিম্পং। বৃহস্পতিবার প্রবল বর্ষণের জেরে শহরের একাধিক এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। রাস্তাজুড়ে নেমে আসে পাহাড়ি জলের স্রোত, আর মুহূর্তের মধ্যে বহু রাস্তা ছোট নদীর চেহারা নেয়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে ১০ মাইল ত্রিপাই ফাট এলাকায়। প্রবল জলের তোড়ে একটি মোটরবাইক ও স্কুটি ভেসে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দা মনোজ রায় জানান, “আজকের জলে আমার বাইকটিকে ভাসিয়ে নিয়ে গেল। অনেক ক্ষতি হয়েছে, মেরামত করতে প্রচুর খরচ হবে।” তাঁর বক্তব্য ঘিরে এলাকায় উদ্বেগ আরও বাড়ে।
এদিকে লাগাতার বৃষ্টির কারণে কালিম্পং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জল জমে বহু জায়গায় যান চলাচল ব্যাহত হয়। অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পাহাড়ি রাস্তায় ধসের আশঙ্কাও বাড়তে শুরু করেছে।
শুধু যানবাহন নয়, ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। রাস্তার ধারে থাকা একাধিক দোকান ও অস্থায়ী স্টলে জল ঢুকে যায়। বহু বিক্রেতার সামগ্রী ভেসে যাওয়ার অভিযোগ উঠেছে। আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্বেগ বাড়ছে পাহাড়জুড়ে।