আর হরবোলা সুরের মূর্ছনা তুলবে না শতায়ু আঙুল, থেমে গেল তিস্তাপারের পদ্মশ্রী পুরস্কারজয়ী সারিন্দাশিল্পীর পথ চলা
News18 বাংলা | ২৯ মে ২০২৬
নিভল উত্তরের সংস্কৃতির একটি প্রদীপ, থেমে গেল তিস্তাপারের সারিন্দার ঝঙ্কার। সারিন্দার বাদক পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় শুক্রবার ভোরের আলো ফোটার আগেই পাড়ি দিলেন না ফেরার দেশে। সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুরের মূর্ছনায় বুঁদ হতে পারবেন না উত্তরবঙ্গবাসী। সারিন্দায় বাজবে না যে কোনও পশুপাখির ডাক। সারিন্দায় হরবোলা সুরের জাদুকর পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় নিজ বাসভবনেই শুক্রবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় একশো বছর ।
মঙ্গলাকান্তের প্রয়াণে শোকস্তব্ধ গোটা লোকশিল্পী মহল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক ধরেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। পদ্মশ্রী মঙ্গলাকান্তের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে তৈরি হয় মেডিক্যাল বোর্ড। কিন্তু চিকিৎসক জানিয়েছেন তাঁর গলায় টিউমার জাতীয় কিছু হয়েছিল। যার ফলে কিছুটা সুস্থ হতেই বাড়ি ফিরিয়ে আনা হযয়েছিল। বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা।
কিন্তু গত এক সপ্তাহ থেকে একেবারেই খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার ভোররাত আনুমানিক ৩ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, তিন ছেলে, ছেলে বৌ, নাতি নাতনিকে। তাঁর প্রয়াণে একদিকে যেমন শোকাহত তাঁর পরিবার, তেমনই শোকাহত উত্তরের শিল্পীমহল। ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস বলেন, ‘‘তাঁর মৃত্যুর খবর পেয়েছি। জেলা প্রশাসনের কাছে খবর জানানো হয়েছে। আমরাও বাড়িতে পৌঁছব।’’