সীমান্তে মদ বিক্রি করে দু'হাতে আসছিল টাকা, অবৈধ কারবারের পর্দাফাঁস করল পুলিশ
News18 বাংলা | ২৯ মে ২০২৬
সীমান্তবর্তী জয়ঘাটায় পুলিশের বিশেষ অভিযান। ২০ বোতল দেশি ও ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার এক। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর নদিয়ার কৃষ্ণগঞ্জের অন্তর্গত জয়ঘাটা মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মদ বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সঞ্জয় বিশ্বাস। তিনি জয়ঘাটা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সঞ্জয় বিশ্বাস বেশ কিছুদিন ধরে এলাকায় গোপনে মদের কারবার চালাচ্ছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসতেই কৃষ্ণগঞ্জ থানার একটি বিশেষ টিম রাতে জয়ঘাটার মাঠে আকস্মিক হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই সেখান থেকে এক ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তৎপর পুলিশ বাহিনী তাড়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলে। আটক করার পর ওই ব্যক্তির তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে দুটি বড় ব্যাগ উদ্ধার হয়।
ব্যাগ দুটি খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। দেখা যায়, একটি ব্যাগে ২০ বোতল দেশি মদ এবং অন্য ব্যাগে ২০ বোতল বিদেশি মদ রয়েছে। এরপরই পুলিশ উদ্ধার হওয়া অবৈধ মদসহ সঞ্জয় বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে। থানায় এনে ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। এই গোপন মদের ব্যবসার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই মদের উৎস কী, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
এদিন, ধৃত সঞ্জয় বিশ্বাসকে কৃষ্ণনগর দায়রা আদালতে পাঠিয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকায় অবৈধ কারবার রুখতে এই ধরনের ঝটিকা অভিযান এখন থেকে প্রতিদিন চালানো হবে। নতুন সরকার গঠন হতেই এই ধরনের একাধিক কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি করে। যাতে গোটা রাজ্য থেকেই অপরাধমূলক ক্রিয়া-কলাপ বন্ধ হতে পারে।