• হলদিয়া পুরসভা চত্বরে ধুন্ধুমার! পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের নামে গো-ব্যাক পোস্টার, বিক্ষোভ, লাঠিচার্জ
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • পুরভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে পোস্টার বিতর্ক হলদিয়ায়। পুরসভার প্রাচীরে প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে না মানার দাবি তুলে হলদিয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপিরই একদল নেতা কর্মীরা। চলে গো ব্যাক স্লোগান।

    হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক আজ তাঁর অনুগামীদের নিয়ে পুরসভায় এলে বিক্ষোভ গো ব্যাক স্লোগান চলে। গো ব্যাক পোস্টার নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, সামান্য লাঠিচার্জও করে বলে সূত্রের খবর।

    আরও পড়ুন: ‘আবাস যোজনায়’ আপনার নাম আছে না নেই, কী করে বুঝবেন…? এই সহজ পদ্ধতি Follow করুন, ৫ মিনিটে বুঝে নিন

    প্রসঙ্গত, হলদিয়ায় পুর নির্বাচনের আগে নতুন করে বিন্যাস করে পুরসভার ওয়ার্ড বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে পুরসভার উন্নয়ন সংক্রান্ত আলোচনার সময় জেলা ও মহকুমা প্রশাসনকে সেইমতো পরামর্শ দেন তিনি। এর ফলে আগামী দিনে উন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দ হবে হলদিয়ায় এমনটাই মনে করা হচ্ছে।

    হলদিয়ার মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুরভি সিংলা, বিধায়ক প্রদীপ বিজলি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক, প্রাক্তন পুর পারিষদ সত্যব্রত দাসের উপস্থিতিতে এক বৈঠকে সত্যব্রত দাস জানান, মুখ্যমন্ত্রী চান হলদিয়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৩৫টি করা হোক। হলদিয়ায় বর্তমানে যে জনসংখ্যা রয়েছে, তা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট। হলদিয়া পুর এলাকায় বর্তমান জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৬৫ হাজার। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো পুরসভায় ২ লক্ষ ১৫ হাজারের বেশি জনসংখ্যা হলে সেটি ‹এ› ক্যাটাগরি পুরসভা হিসেবে চিহ্নিত হয়। সেই নিয়মে হলদিয়া ‹বি› ক্যাটাগরি পুরসভা থেকে ‹এ› ক্যাটাগরিতে উন্নীত হবে হলদিয়া। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে হলদিয়া পুরসভা ‹এ› ক্যাটাগরিতে উন্নীত হলে রাজ্য ও কেন্দ্রের আরও বেশি বরাদ্দ মিলবে বলেই আশা করা হচ্ছে। কিন্তু তার আগেই পোস্টার বিতর্কে রীতিমতো ধুন্ধুমার পরে গেল হলদিয়ায়।
  • Link to this news (News18 বাংলা)