• আম কুড়োতে গিয়ে দেগঙ্গার বরুণীতে বালির স্তূপে তাজা বোমা উদ্ধার, বড়সড় দুর্ঘটনা এড়াল শিশুরা! চাঞ্চল্য এলাকায়
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • দেগঙ্গার বরুণীতে আমবাগানে বালির স্তূপে লুকনো তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার মাঝের বরুণী এলাকায় আমবাগানের মধ্যে বালির স্তূপের নিচ থেকে উদ্ধার হল দু’টি বালতি ভর্তি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন শিশু আম কুড়াতে গিয়ে আমবাগানের মধ্যে বালির স্তূপের নিচে রাখা সন্দেহজনক দু’টি বালতি দেখতে পায়। কাছে গিয়ে উঁকি মারতেই তাদের চোখে পড়ে বোমা সদৃশ বস্তু। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। বালির স্তূপ সরিয়ে পুলিশ প্রায় আটটি তাজা বোমা উদ্ধার করে। স্থানীয়দের দাবি, দু’টি বালতিতে বোমা মজুত ছিল। পরে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়।

    পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই বালির নিচে বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে ওই এলাকায় বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমবাগানের আশপাশে ভিড় জমায় এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকেও খবর দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের আম কুড়োতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। শান্ত এলাকায় এভাবে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এলাকায় বেআইনি বিস্ফোরক মজুদের ঘটনায় প্রশাসনের আরও কড়া নজরদারির দাবি তুলেছেন বাসিন্দারা। ঘটনার পর থেকে গোটা এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)