• আমদানিতে ঘাটতি না উৎসবের কোপ? জামাইষষ্ঠীতে কী হতে চলেছে লিচুর দাম? বড় ইঙ্গিত ব্যবসায়ীদের
    News18 বাংলা | ২৯ মে ২০২৬
  • : সামনেই জামাই ষষ্ঠী। বাঙালির এই বিশেষ পারিবারিক উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে ফলের চাহিদা। আর জামাই আপ্যায়নের তালিকায় লিচু যেন অন্যতম আকর্ষণ। তাই কাটোয়া শহরের বাজারেও এখন জমজমাট লিচুর ব্যবসা। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে লিচুর দাম নিয়েও শুরু হয়েছে জল্পনা। কাটোয়ার কিছু লিচু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এ বছর লিচুর উৎপাদন মোটামুটি ভাল হয়েছে।পোকামাকড় বা নষ্ট হওয়ার সমস্যা তুলনামূলক কম থাকায় মানুষ নিশ্চিন্তে লিচু কিনছেন ও খাচ্ছেন। বাজারেও পর্যাপ্ত যোগান রয়েছে। বর্তমানে বাজারে লিচুর দাম প্রতি কেজি প্রায় ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। তবে সামনে জামাই ষষ্ঠী থাকায় উৎসবের বাজারে দাম আরও কিছুটা বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই।

    লিচু ব্যবসায়ী মহিবুল্লা শেখ বলেন, “লিচুর এখন ভাল চাহিদা, বিক্রিও ভালই হচ্ছে। তবে জামাই ষষ্ঠীতে দাম কিছুটা বাড়বে।” অন্যদিকে আরেক ব্যবসায়ীর বক্তব্য কিছুটা ভিন্ন। তাঁর দাবি, বাজারে চাহিদার তুলনায় লিচুর আমদানি অনেক কম। ফলনও আগের বছরের তুলনায় কম হওয়ায় এবার দাম অনেকটাই বেড়েছে। গত বছর যেখানে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে লিচু পাওয়া গিয়েছিল, সেখানে এবার সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়। তিনি বলেন, লিচু খুব অল্প সময়ের ফল। আরও কয়েকদিন পর বাজারে লিচুর জোগান অনেকটাই কমে যেতে পারে। সেই কারণে জামাই ষষ্ঠীর সময় লিচুর দাম ২০০ থেকে ২৫০ টাকা কেজিতেও পৌঁছতে পারে বলে আশঙ্কা তাঁর।

    তবে দাম বাড়লেও মানুষ কিনবেন বলেই মনে করছেন ব্যবসায়ীরা। কারণ জামাই ষষ্ঠীর বাজারে লিচুর আলাদা চাহিদা থাকেই। লিচু ব্যবসায়ী নুর ইসলাম শেখ বলেন, “আমাদের যতটা লিচুর প্রয়োজন ততটা লিচু কাটোয়ার বাজারে আসছে না। চাহিদা ভাল রয়েছে। তবে এটা এক মাসের ফল তো, তাই জামাই ষষ্ঠী পর্যন্ত বাজারে থাকবে কিনা সন্দেহ আছে। কিন্তু সেই সময় থাকলেও দাম বাড়বে। মানুষ ২৫০ টাকা কেজি হলেও কিনবে।” সবমিলিয়ে এখন দেখার, উৎসবের মুখে কাটোয়ার বাজারে লিচুর দাম ঠিক কতটা চড়ে এবং সাধারণ ক্রেতাদের পকেটে তার কতটা প্রভাব পড়ে।
  • Link to this news (News18 বাংলা)