• গ্রেপ্তার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান, রয়েছে একাধিক অভিযোগ
    এই সময় | ৩০ মে ২০২৬
  • ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, পুরসভার এগজ়িকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ফিরোজ। ২০২২ সালের পুরভোটে তিনি নির্বাচিত হয়ে কাউন্সিলার হন। তাঁকে ভাইস চেয়ারম্যান করে তৃণমূল। দলীয় সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ছিলেন ফিরোজ।

    তেলিনিপাড়ায় অশান্তি পাকানোর অভিযোগ ছিল ফিরোজের বিরুদ্ধে। দিন দুয়েক আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে ঝামেলা করার অভিযোগ উঠেছে ফিরোজ খানের বিরুদ্ধে। পুরসভার বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে পুরসভার তরফে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার ফিরোজকে চন্দননগর আদালতে পেশ করা হবে। তৃণমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে আরও যে অভিযোগগুলি রয়েছে, সবগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ ৮ তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেন। ২২টি ওয়ার্ডের ভদ্রেশ্বর পুরসভা ছিল বিরোধীশূন্য। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে।

  • Link to this news (এই সময়)