• RG Kar মামলায় অন্যতম অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া রাজ্য, ফেরত দিতে হবে লাখ লাখ টাকা
    এই সময় | ৩০ মে ২০২৬
  • চিকিৎসক অভীক দে-র পরে এ বার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডা. বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে জানানো হয়েছে, তাঁর সিনিয়র রেসিডেন্সির মেয়াদ অবিলম্বে বাতিল করা হচ্ছে। পাশাপাশি, ইন্ডেমনিটি বন্ড অনুযায়ী তাঁকে ২০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে জানানো হয়েছে, বিরূপাক্ষকে আর কোনও সরকারি কাজে রাখা যাবে না। তাঁর বিরুদ্ধে যে ফৌজদারি মামলা, এফআইআর হয়েছে। যা যা অভিযোগ উঠেছে সেগুলি মাথায় রেখে এবং এনকোয়ারি কমিটি যা যা পেয়েছে, তাতে এটা স্পষ্ট যে ওই অভিযোগগুলির সারবত্তা রয়েছে, এমনটাই জানানো হয়েছে সরকারি ওই বিজ্ঞপ্তিতে।

    আরজি কর মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাসের। তাঁর পদপ্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ডাক্তারির শিক্ষা প্রতিষ্ঠানে যে থ্রেট কালচারের প্রসঙ্গ বার বার উঠেছিল সেই সময়ে, তখন কাঠগড়ায় এসেছিল বিরূপাক্ষ বিশ্বাসের নাম। সন্দীপ ঘোষ, অভীক দে-র সঙ্গেই একসারিতে বিরূপাক্ষ বিশ্বাসের নামে অভিযোগ উঠেছিল।

    কয়েকদিন আগেই চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। তিনি কী ভাবে পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে সার্ভিস কোটা-কে ব্যবহার করে সুযোগ পেয়েছিলেন, তারও তদন্ত করতে বলা হয়েছিল।

  • Link to this news (এই সময়)