আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলার পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভীমপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে একটি আধুনিক হোল্ডিং সেন্টার। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় এই উদ্যোগকে ঘিরে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ওই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়।
সেই পরিকল্পনার অংশ হিসেবেই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। নদিয়া জেলায় এই প্রথম এমন কেন্দ্র তৈরি হওয়ায় প্রশাসনিক মহলেও বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
জানা গিয়েছে, হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের জন্য খাদ্য, পানীয় জল, শয্যা এবং প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে সেখানে যাঁদের রাখা হয়েছে তাঁদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে দিকেও নজর রাখছে প্রশাসন।
মূলত রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বৈধ নথিপত্রবিহীন ব্যক্তিদের এখানে রাখার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। প্রশাসনের দাবি, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও, এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত করতে আরও সক্রিয় হয়েছে প্রশাসন। সেই কারণেই সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে সন্দেহভাজনদের হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমান্ত লাগোয়া এলাকায় দুষ্কৃতীদের তৎপরতার কারণে আতঙ্কে থাকতে হত।
রাতের ঘুম পর্যন্ত উড়ে যেত অনেকের। স্থানীয়দের আশা, প্রশাসনের কড়া নজরদারির ফলে এবার অবৈধ অনুপ্রবেশ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।