• বাংলার নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন সুরজিৎ নাথ মিত্র
    আজকাল | ৩০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। শুক্রবার তাঁকে এই পদে নিযুক্ত করা হয়েছে। এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত। রাজ্যে ক্ষমতা বদলের পরেই ৫ মে পদত্যাগ করেছিলেন তিনি। সুরিজৎ নাথের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতের সংবিধানের ১৬৫ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, রাজ্যপাল কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রী সুরজিৎ নাথ মিত্রকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করেছেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। ২৯ মে দুপুর থেকে তাঁকে এই পদে নিযুক্ত করা হয়েছে।”

    গত পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির কাছে পদত্যাগপত্র জমা দেন কিশোর দত্ত। তাঁর পদত্যাগ আইন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারের পরাজয়ের পরেই পদত্যাগ করায় নানা জল্পনার সৃষ্টি হয়েছিল।

    সুরজিৎ ১৯৮৩ সালের মার্চ মাস থেকে ওকালতি করছেন। ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং দেওয়ানি ও বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত মক্কেলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালে, বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় সুরজিৎ রাজ্যপালের (চ্যান্সেলর) হয়ে সওয়াল করেছিলেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ কোনও অস্বাভাবিক ঘটনা নয়। যেহেতু অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের প্রধান আইনি উপদেষ্টা এবং তিনি সংবিধানের ১৬৫ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের ইচ্ছানুসারে এই পদে অধিষ্ঠিত থাকেন। ২০১১ সাল থেকে তৃণমূল সরকারের বিগত ১৫ বছরে শাসনকালে তিনি দু’বার পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

    প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আস্থাভাজন কিশোর দত্ত ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকার যখন কোণঠাসা হয়ে পড়েছিল, তখন পদত্যাগ করেন। এরপর সৌমেন্দ্রনাথ মুখার্জি অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের নভেম্বরে সৌমেন্দ্রনাথ আচমকা পদত্যাগ করেন। এর পরে কিশোর দত্তকে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত করা হয়। 
  • Link to this news (আজকাল)