• ঝড়বৃষ্টিতে মৃত ৭, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য
    আজকাল | ৩০ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভরদুপুরে আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে রাজ্যের একাধিক জেলা। এই আচমকা ঝড়বৃষ্টিতে রাজ্যের নানা জেলায় সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    শুক্রবার দুপুরের পর থেকে প্রবল ঝড়-বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা, বিধাননগর-সহ বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। কোথাও ভেঙে পড়ে বাড়ি। বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা ও বিধাননগর কর্পোরেশন, পুলিশ প্রশাসন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল পরিস্থিতির উপর নজর রাখছেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বড় আকারে ক্ষয়ক্ষতির হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে। কলকাতাতেও একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। মোট সাত জন মারা গিয়েছেন।”

    তিনি বলেন, “ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর ক্ষতি পূরণ করা যায় না। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দ্রুত ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে। আহতদের দ্রুত চিকিৎসরা ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। আহতদেরও পরে ক্ষতিপূরণ দেওয়া হবে।”

    কলকাতা শহরের পুরনো এবং বড় গাছগুলি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু। তিনি বলেন, “কীভাবে শহরের গাছগুলি সংরক্ষণ করা যায়, তা নিয়ে মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পরিবেশবিদদের কথা হয়েছে।”

    শুক্রবার ভরদুপুরে ৮৮ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে যায় কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা জেলার আলিপুরের উপর দিয়ে তীব্র গতিবেগে ঝড় হয়। এর পাশাপাশি, দমদম এবং উত্তর ২৪ পরগণা জেলার কিছু অংশেও ৭৪ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। বহু জায়গায় ভেঙে পড়ে গাছ, বিদ্যুতের তার ছিঁড়ে ব্যহত হয় পরিষেবা। কাঁচা বাড়িও ভেঙেছে অনেক জায়গায়। 
  • Link to this news (আজকাল)