আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভরদুপুরে ৮৮ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ে কার্যত লন্ডভন্ড কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা জেলার আলিপুরের ওপর দিয়ে তীব্র গতিবেগে ঝড় হয় এদিন।
এর পাশাপাশি, দমদম এবং উত্তর ২৪ পরগণা জেলার কিছু অংশেও ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাক্ষী থেকেছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল। এই প্রবল ঝড়ে কার্যত লন্ডভন্ড শহরের উত্তর থেকে দক্ষিণ। পাশাপাশি, বিধাননগর চত্বরে সল্টলেকের দিকেও ঝড়ে ভেঙে পড়েছে গাছ।
এদিনের ঝড়ে কলকাতার বাবুঘাট সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রিভার ট্রাফিক গার্ডের কাছে ট্রেন লাইনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ওভারহেড তারের ওপর একটি বড় গাছের ডাল ভেঙে পড়ায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।
মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এলাকায়, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাইনের আশপাশে। ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল এবং রিভার ট্রাফিক গার্ডের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার জেরে আপাতত চক্ররেলের লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন পরিষেবায় নিয়ন্ত্রণ রাখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।
অন্যদিকে, মধ্যমগ্রামে রেললাইনের উপর গাছ ভেঙে পড়ায় শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল সূত্রে খবর, মধ্যমগ্রাম স্টেশনের কাছে রেললাইনের উপর বড় গাছ ভেঙে পড়ে।
এর ফলে একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে, মুষলধারে বৃষ্টি ও ঝড়ে গাছ পড়ে বিপত্তি ঘটেছে সল্টলেকেও। দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রকাণ্ড একটি গাছ।
গাছে ভেঙে পড়েছে প্রেসিডেন্সি জেলের পাঁচিলের ওপরেও। জানা গিয়েছে, সেই সময় জেলের বন্দিরা লক আপের বাইরে ছিলেন। গাছ ভেঙে পড়ার খবর মিলতেই তাঁদের তড়িঘড়ি লক আপে ঢুকিয়ে দেওয়া হয়।
গাড়ির ছাদ রীতিমত দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, সেইসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ক্যাব বাইক। আচমকা গাছ ভেঙে পড়ায় আহত হন বাইক চালক এবং পিছনে বসে থাকা আরোহী।
তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। তাছাড়া এক্সাইড মোড়, বিড়লা প্ল্যানেটোরিয়ামেও গাছ ভেঙে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন কর্মীরা। রাস্তা পরিষ্কার করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।