• কবে ঢুকছে বর্ষা? সম্ভাব্য সময় জানাল আবহাওয়া দফতর
    আজ তক | ৩০ মে ২০২৬
  • ভ্যাপসা গরম থেকে আপাত স্বস্তি মিললেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট আর কতদিন থাকবে এবং বর্ষা কবে আসবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আরও দু’দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। তবে রবিবারের পর থেকে এই ঝড়বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে। এরপর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে তীব্রতা আর থাকবে না। এর ফলে অস্বস্তিকর গরমও কিছুটা কমবে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য পাকিস্তান থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে অবশ্য বর্তমানে টানা ঝড়বৃষ্টি চলছে। শনিবার থেকে সেখানে কালবৈশাখীর তীব্রতা কিছুটা কমলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে আবারও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    ঝড়বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে। তবে ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

    মৌসুমী বায়ু বর্তমানে লাক্ষাদ্বীপ অঞ্চলের কাছে অবস্থান করছে। আগামী দু’-তিন দিনের মধ্যে তা স্থলভাগের দিকে অগ্রসর হয়ে কেরলে পৌঁছাবে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশের এক সপ্তাহের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়। ফলে রাজ্যে বর্ষা কবে ঢুকবে, তা নির্ভর করছে এই অগ্রগতির ওপরই।

     
  • Link to this news (আজ তক)