রাজ্যে সরকার বদলে কপাল খুলছে মালদহের! আন্তর্জাতিকমানের নতুন এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা
News18 বাংলা | ৩০ মে ২০২৬
: মালদহে দীর্ঘদিনের বিমান পরিষেবার স্বপ্ন ফের নতুন করে উজ্জীবিত হয়েছে। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুরনো বিমানবন্দর কার্যত বড় বিমান ওঠানামার অযোগ্য হয়ে পড়ায় এবার নতুন জায়গায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নতুন সরকার গঠনের পর বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে তৎপরতা শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল।
বর্তমানে মালদহ শহরের গা ঘেঁষে থাকা পুরনো বিমানবন্দরে সামান্য কিছু পরিকাঠামো তৈরি হলেও বড় বিমান পরিষেবা চালু করা সম্ভব নয় বলেই জানিয়েছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ দল। এছাড়াও বিমানবন্দরের চারপাশে অনুমতি ছাড়াই বহু বহুতল ভবন গজিয়ে উঠেছে। পাশাপাশি রানওয়ের দৈর্ঘ্যও বড় বিমান ওঠানামার জন্য পর্যাপ্ত নয়। সব মিলিয়ে বর্তমান বিমানবন্দরকে আধুনিক বিমান পরিষেবার উপযোগী করে তোলা কার্যত অসম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।
এই পরিস্থিতিতে নতুন বিমানবন্দর তৈরির জন্য ইতিমধ্যেই মালদহের বিভিন্ন এলাকায় জমি খোঁজার কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও কেন্দ্রীয় বিমান সংস্থার কর্তৃপক্ষ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গাজোল, আটমাইল এবং নারায়নপুর এই তিনটি এলাকায় সম্ভাব্য জমি চিহ্নিত করে পরিদর্শন করা হয়েছে। মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, “আগের বিমানবন্দরটি বড় বিমান পরিষেবার জন্য উপযুক্ত নয় বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল। তাই নতুন এয়ারপোর্ট তৈরির জন্য জমি খোঁজা হচ্ছে। ছোটখাটো নয়, জাতীয় অথবা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করা হবে মালদহে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি দ্রুত বিমান পরিষেবা চালুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন।”
অন্যদিকে, মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “মালদহে বিমান পরিষেবা চালু হলে জেলার বাণিজ্যিক ও শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে। বহুদিন ধরেই জেলাবাসীর এই দাবি ছিল। এখন নতুন বিমানবন্দরের জন্য জায়গা খোঁজা শুরু হওয়ায় আমরা অত্যন্ত আশাবাদী।” নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে উঠলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি কৃষি, রপ্তানি, পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে মালদহে নতুন বিমানবন্দর তৈরির সম্ভাবনা ঘিরে জেলাজুড়ে এখন নতুন করে আশার সঞ্চার হয়েছে।