তরতাজা পানের বরজে হঠাৎ শুকিয়ে গেল পানের পাতা। কারণ খুঁজতে গিয়ে কৃষক দেখলেন পান গাছের গোড়া থেকে কেটে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় মাথায় হাত পড়েছে সাগরের এক কৃষক গণেশ চন্দ্র দাসের। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার কথা জানতে পেরে স্থানীয়রা সেখানে এসে জড়ো হন।
গণেশ চন্দ্র দাসের ২ টি পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একবার পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। এ নিয়ে গণেশ চন্দ্র দাসের প্রতিবেশী ননী গোপাল প্রামাণিক জানিয়েছেন, গণেশ চন্দ্র দাস ঘটনার কথা জানাতে তাঁরা এসেছিলেন। এই ঘটনার প্রতিকার চেয়েছেন তাঁরা। কারা এমন কাজ করল তা তদন্ত করে বের করতে থানায় দারস্থ হয়েছেন গণেশ চন্দ্র দাস।
শোকাহত গণেশের পাশে রয়েছে গ্রামবাসীরা এমন কথা জানিয়েছেন তাঁরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগর থানার মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে। গণেশ চন্দ্র দাসের অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে পান গাছের গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। ফলে পান গাছ শুকিয়ে যায়। এই ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গণেশ চন্দ্র দাস।