জলঙ্গি থেকে ফরাক্কা সীমান্তে বাড়ছে নিরাপত্তা, রাজ্যের জমি হস্তান্তর-নতুন ফেন্সিংয়ে খুশি সীমান্তবাসী
News18 বাংলা | ৩০ মে ২০২৬
মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হতে চলেছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর সীমান্ত সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি-সহ মুর্শিদাবাদের একাধিক এলাকায় বিএসএফের জন্য জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। এতে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সীমান্ত সুরক্ষায় আর দেরি নয়। ৪৫ দিনের মধ্যেই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হবে। সেই মতো রাজ্য সরকার বিএসএফের হাতে মোট ১৪২.৭৯ একর জমি তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। জেলার মোট ৩৮.৮০৫ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের দাবি, সাগরপাড়া সীমান্ত এলাকায় নতুন বর্ডার আউটপোস্ট, ওয়াচ টাওয়ার, কাঁটাতারের বেড়া, টহলদারি রাস্তা এবং জওয়ানদের ব্যারাক তৈরির জন্য এই জমি ব্যবহার করবে বিএসএফ। জলঙ্গি থেকে ফরাক্কা পর্যন্ত সীমান্ত এলাকার বিভিন্ন অংশে এই জমি কাজে লাগানো হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২২০০ কিলোমিটার। তার মধ্যে প্রায় ১৬৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলায় এখনও প্রায় ৪২.৩৫ কিলোমিটার এলাকায় কোনও বেড়া নেই। জেলার মোট ১২৫.৩৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের একটি বড় অংশ নদীপথ হওয়ায় দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি হচ্ছিল।
গঙ্গা ও পদ্মা নদীর ভাঙনের কারণে বহু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। ফলে সীমান্তে চোরাচালান, গরু চুরি-সহ একাধিক অসাধু কাজকর্ম রোধ করতে সমস্যায় পড়তে হচ্ছিল বিএসএফকে। তবে রাজ্য সরকারের এই পদক্ষেপে সেই সমস্যা অনেকটাই কাটবে বলে মনে করছে সীমান্তরক্ষা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জমির অভাবে এতদিন সীমান্ত এলাকায় নজরদারিতে সমস্যা হচ্ছিল। নতুন করে বর্ডার পোস্ট ও ওয়াচ টাওয়ার তৈরি হলে সীমান্ত এলাকায় অপরাধ কমবে এবং নিরাপত্তা আরও জোরদার হবে। ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হলে গরু চুরি ও বেআইনি যাতায়াতও অনেকটাই বন্ধ হবে বলে দাবি সীমান্তবাসীদের।