• গ্রেপ্তার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান
    আজকাল | ৩০ মে ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: পুরসভার তরফে অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

    ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ফিরোজ। গত ২০২২ সালে পুরসভা ভোটে নির্বাচিত হন। তাঁকে ভাইস চেয়ারম্যান করে দল। চন্দননগরের প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ছিলেন ফিরোজ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তেলিনিপাড়ায় অশান্তি পাকানো নিয়ে। গত দিন দুয়েক আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে ঝমেলায় ওই তৃণমূল নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ। 

    পুরসভার বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুরসভা সূত্রে খবর। পুরসভার তরফে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে। এদিন তৃনমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে সে সবই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিসিপি চন্দননগর। 

    বৃহস্পতিবার ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ আট তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। ২২ ওয়ার্ডের ভদ্রেশ্বর পুরসভা ছিল বিরোধী শূন্য। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। পদত্যাগ করার হিড়িক পড়ে যায়।
  • Link to this news (আজকাল)