• সোমবার শুরু ক্লাস, স্কুল সাফ করার নির্দেশে প্রশ্ন গ্রান্ট নিয়ে
    এই সময় | ৩০ মে ২০২৬
  • এই সময়: গ্রীষ্মের ছুটির পরে রাজ্যের সরকারি প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলছে আগামী সোমবার, ১ জুন। তার আগে শুক্রবার বিভিন্ন জেলা পরিদর্শকরা (ডিআই–প্রাথমিক ও মাধ্যমিক) স্কুল পরিষ্কার করার উপরে জোর দিয়েছেন। সমস্ত স্কুল ও মাদ্রাসাকে ৩১ মের মধ্যে মিড ডে মিল খাওয়ার ঘরের বাসনপত্র থেকে শুরু করে গোটা স্কুল চত্বরকে পরিষ্কার–পরিচ্ছন্ন করতে নির্দেশ দিয়েছেন তাঁরা।

    ওই নির্দেশে বলা হয়েছে, কোথাও যদি মিড ডে মিলের খাবার মজুত থাকে, সেগুলি ভালো ভাবে দেখে নিতে হবে। কারণ, প্রথমে ১১ থেকে ১৭ মে পর্যন্ত গরমের ছুটি পড়ার কথা ছিল। নতুন সরকার তা বাড়িয়ে ৩১ মে করেছে। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকার কারণে মিড ডে মিলের মজুত থাকা সামগ্রী কোনও ভাবে নষ্ট হয়েছে কি না, সেটা পরীক্ষা করে নিতে হবে। পাশাপাশি স্কুলের সব ঘর ও শৌচালয় সাফসুতরো করার উপরেও জোর দেওয়া হয়েছে। এ ছাড়া পানীয় জলের সরবরাহ ঠিক আছে কি না, সেটাও ভাল করে খতিয়ে দেখতে বলা হয়েছে। ক্লাসরুমের বেঞ্চ, চেয়ার–টেবিল থেকে শুরু করে কম্পিউটার— সব কিছু সুরক্ষিত আছে কি না, তা দেখেই ১ জুন থেকে স্কুল চালু করার কথা বলা হয়েছে। স্কুলশিক্ষার প্রশাসনিক বৈঠকে গত ২৬ ও ২৭ মে রাজ্যের তরফে ডিআই–দের এই নির্দেশ দেওয়া হয়েছিল।

    স্কুলের প্রধান শিক্ষকদের পাশাপাশি শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই স্কুল মেরামত ও রক্ষণাবেক্ষণে ‘কম্পোজ়িট গ্রান্টে’র পরিমাণ হু হু করে কমেছে। স্কুলশিক্ষা দপ্তরের কাছে তাঁদের দাবি, অবিলম্বে এই বরাদ্দ বাড়ানো হোক। না হলে নির্দেশ মেনে এই কাজ অসম্ভব। কারণ, স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কম্পোজ়িট গ্রান্ট খুবই জরুরি। কিন্তু ২০২৪–২৫ ও ২০২৫-২৬ অর্থবর্ষে ছাত্রছাত্রীদের মাপকাঠির নিরিখে ২৫ শতাংশ বরাদ্দ কম পাচ্ছে স্কুলগুলো। যা নিয়ে উদ্বিগ্ন স্কুলের প্রধানরা।

    পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, ‘স্কুলে ১ থেকে ৩০ জন পড়ুয়া, ৩১ থেকে ১০০ জন, ১০১ থেকে ২৫০ জন এবং ২৫১ থেকে ১,০০০ জন ছাত্রছাত্রীর মাপকাঠিতে এক এক রকম অনুদান পাওয়ার কথা। কিন্তু গত কয়েক বছরে ধরেই স্কুলগুলো সেই প্রাপ্য অর্থ পাচ্ছে না। ফলে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারে প্রশ্ন রয়েই যাচ্ছে।’ ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’–এর রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি, ‘তিন সপ্তাহ পরে স্কুল খুললে পরিষ্কার করতে হবে। কিন্তু পর্যাপ্ত কম্পোজ়িট গ্রান্ট না পাওয়ায় সেই কাজ আদৌ হচ্ছে না।’

  • Link to this news (এই সময়)