সরকারি ত্রাণ ক্লাবে! আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান
আজকাল | ৩০ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির পাশে ক্লাবের মধ্যে ডাই করে মজুত করে রাখা রয়েছে সরকারি ত্রাণ সামগ্রী।
তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে কম্বল, ত্রিপল, তন্তুজের শাড়ি। সরকারি ত্রাণ বেআইনি ভাবে মজুতের অভিযোগে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে বাড়ি থেকে আটক করল পুলিশ।
ক্লাবঘর থেকে বিপুল সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন শাড়ি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাবের প্রায় দশটি ঘর জুড়ে এই সামগ্রীগুলি মজুত করে রাখা ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ওই ক্লাবঘরে রাখা ছিল।
ঘটনাস্থলটি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার পাড়ায় এবং তাঁর আবাসনের একেবারে পাশেই বলে দাবি করা হয়। যদিও এই বিষয়ে চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ত্রাণসামগ্রী উদ্ধারের খবর দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান সাধারণ মানুষ এবং বিজেপির নেতা কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারি সম্পত্তি বেআইনিভাবে মজুত রাখার পিছনে বড় কোনও চক্র থাকতে পারে।
ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
তদন্তে প্রাপ্ত তথ্য ও সূত্রের ভিত্তিতে পুলিশ আরও পদক্ষেপ গ্রহণ করে। এরপর শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে অভিযান চালিয়ে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ তাঁকে হেফাজতে নেওয়া হয়। শনিবার তাঁকে নবদ্বীপ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরকারি ত্রাণসামগ্রী কীভাবে ক্লাবঘরে মজুত ছিল, কার নির্দেশে তা রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে নবদ্বীপবাসী।