নবদ্বীপের একটি ক্লাব থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, রাতভর উত্তেজনা, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। অভিযোগ, তাঁর বাড়ির পাশের একটি ক্লাবে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতে তাঁকে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিমানের উদ্দেশে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। কেউ কেউ জুতোও ছু়ড়ে মারেন।
শুক্রবার রাত সাড়ে দশ’টা নাগাদ নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করে। সূত্রের খবর, ক্লাবের প্রায় দশটি ঘরে এই সামগ্রীগুলি মজুত করে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে লুকিয়ে রাখা হয়েছিল। খবর ছড়াতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল। সংশ্লিষ্ট ক্লাবটি চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহার ফ্ল্যাটের পাশেই। পুলিশ দীর্ঘ সময় ধরে ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তাঁর বাড়ির সামনে ভিড় জমে যায়।
এরপরেই রাত আনুমানিক ৩ঃ৪০ মিনিট নাগাদ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। সেই সময় জনরোষে পড়তে হয় তাঁকে। ওঠে চোর চোর স্লোগানও। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন। শনিবার তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কৃষ্ণনগর আদালতে তোলা হবে।