শ্রীনগর: শুক্রবার সপ্তম দিনে পড়ল অপারেশন শেরুওয়ালি। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার ঘন জঙ্গলে এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, এলাকায় লুকিয়ে রয়েছে দুই-তিন জন পাকিস্তানি জঙ্গি। তাদের সন্ধানেই অভিযান জারি রয়েছে। রাজৌরির মাঞ্জাকোটে ডরিমাল-গম্ভীর মোঘলা বেল্টের দুর্গম এলাকায় ক্রমাগত অবস্থান বদলাচ্ছে জঙ্গিরা। তাই নিরাপত্তা বাহিনীর একাধিক দল বিভিন্ন ডেরা চিহ্নিত করে লাগাতার গোলাবর্ষণ করছে। এরইমাঝে এদিন পাশের জেলা পুঞ্চেও জঙ্গিদের গতিবিধির খবর মিলেছে। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ দল। বুধবার সেখানে উপস্থিত হয়েছিলেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, জম্মুর আইজি ভীম সেন টুটি।