• ককরোচের অ্যাকাউন্ট ব্লক কেন? কেন্দ্র ও এক্সের কাছে জবাব চাইল দিল্লি হাইকোর্ট
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • নয়াদিল্লি: আদালতে এখনই স্বস্তি মিলল না ককরোচ জনতা পার্টির (সিজেপি)। এই ‘প্যারোডি পার্টি’র এক্স হ্যান্ডল ব্লক করার বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর জবাব চেয়ে নোটিস দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, সংগঠনের এক্স হ্যান্ডল অ্যাকাউন্টের উপর জারি করা সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনও জানিয়েছিলেন অভিজিৎ। সেই আবেদন অবশ্য খারিজ করে দেন বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব। বলা হয়, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রচুর জলঘোলা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের বক্তব্য শোনার পরেই  কোনো নির্দেশ দিতে পারে আদালত। আগামী ৭ জুন এই মামলার পরবর্তী শুনানি।

    চলতি মাসেই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সহযোগী অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। কয়েক দিনের মধ্যেই ফলোয়ার সংখ্যায় তারা বিজেপিকেও পিছনে ফেলে দেয়। এর পরেই সিজেপির এক্স হ্যান্ডল ব্লক করে দেওয়ার জন্য কেন্দ্রের দিকে আঙুল তোলে সংগঠনের সদস্যরা। বিষয়টি নিয়ে আদালতে যান সংস্থার প্রতিষ্ঠাতা অভিজিৎও। তাঁর আইনজীবী অখিল সিবাল জানান, সিজেপি অ্যাকাউন্টটি নিছক বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। যদি তাদের কয়েকটি টুইট নিয়ে আপত্তি থাকে, তাহলে অ্যাকাউন্টটি ব্লক না করে সেই পোস্টগুলি মুছে দেওয়া উচিত। এর পরেই অ্যাকাউন্টটি ফের চালু করার জন্য অনুরোধ জানান দীপকের আইনজীবী। তিনি আরও জানান, অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ এখনও হাতে পাননি আবেদনকারী।

    এদিনের শুনানিতে বিচারপতি সিজেপির প্রতিষ্ঠাতাকে ভার্চুয়ালি রিভিউ কমিটির সামনে হাজির হওয়ার অনুমতি দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির সময় ওই রিভিউ কমিটি সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার বিষয়টিকে অন্যায্য বলে জানালে আদালত তা খতিয়ে দেখে ওই অ্যাকাউন্টটি চালু করার নির্দেশ দিতে পারে।
  • Link to this news (বর্তমান)