• পুনেতে বিষমদের বলি ১৮, ধৃত ৮
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • পুনে ও মুম্বই: মহারাষ্ট্রের পুনে জেলায় মিথানল মিশ্রিত বিষমদ খেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ গুরুতর অসুস্থ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি বেগতিক হয়ে ওঠায় বেআইনি মদচক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে বলেছেন, খুবই গুরুতর ঘটনা। আটজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির সংখ্যাটা আরও বাড়তে পারে। ঘটনার নেপথ্যে থাকা গোটা চক্রকে আমরা শনাক্ত করে ফেলেছি। সেই চক্রের জাল উপড়ে ফেলতে একযোগে ময়দানে নেমেছে পুলিশ ও আবগারি দপ্তর। রাজ্যের আবগারি কমিশনার অতুল কানাড়ে বলেছেন, মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে বিষমদের কারবারি যোগেশ ওয়াংখেড়ে নামে এক ব্যক্তি। তাকে আটক করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধী শিবির। এনসিপি (এসপি) নেতা রোহিত পাওয়ার এক্স হ্যান্ডলে লিখেছেন, রাজ্যে দুর্নীতি ও বেআইনি কাজকর্ম লাগামছাড়া হয়ে পড়েছে। বারবার বলা সত্ত্বেও সরকারের এইসব বন্ধ করতে ব্যর্থ। 
  • Link to this news (বর্তমান)