• পুরুলিয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতে বাড়িতে ঢুকল জল, দুর্ভোগে বাসিন্দারা
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • সংবাদদাতা, পুরুলিয়া: ঘণ্টা খানেকের বৃষ্টিতেই চরম দুর্ভোগের মুখে পড়লেন পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা নীচপাড়া রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা। রেলের সম্প্রসারণের কাজের জেরে এলাকার প্রধান নিকাশি নালাটি বুজে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট ভেসে গিয়ে বাড়িতে জল ঢুকে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, অনেকে ঘরের জিনিসপত্র অন্যত্র সরাতে বাধ্য হন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে রেললাইন সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে। লাইনের দু’পাশে মাটি রাখা হয়েছে। সেই মাটির জন্য এলাকার প্রধান নিকাশি নালাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এদিন বৃষ্টি হতেই জল জমতে শুরু করে। জল বের হওয়ার রাস্তা না পেয়ে সংলগ্ন এলাকার বাড়িগুলিতে ঢুকে যায়। রাস্তার উপর প্রায় এক হাঁটু জল জমে রয়েছে। ঘরের ভিতরে জল ঢুকে যাওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। আসবাবপত্র থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাঁচাতে বাসিন্দারা তড়িঘড়ি সেগুলি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। 

    স্থানীয় বাসিন্দারা বলেন, অবিলম্বে পুর প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে উদ্যোগী হয়ে নালাটি পরিষ্কার করুক। তাহলেই এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। তা না হলে আগামী দিনে আরও বড় সমস্যায় পড়তে হবে। শিখা বন্দ্যোপাধ্যায় বলেন, নালাগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এদিন কয়েক ঘণ্টার বৃষ্টিতেই এরকম হলে বর্ষার সময় কী হবে ভেবে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। জল থাকায় বাড়ি থেকে বেরতে সমস্যা হচ্ছে। সুনীল সহিস বলেন, বর্ষার আগে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। তা না হলে সমস্যা আরও বাড়বে। পুরসভা ও রেল কর্তৃপক্ষের কাছে হাতজোড় করে সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছি। 

    ভুক্তভোগী চন্দন দত্ত বলেন, বেশ কিছুদিন ধরে এ বিষয়ে পুরসভাকে জানানো হয়েছে। নর্দমা আগেও পরিষ্কার হত না, এখনো হয় না। নর্দমার জল যেটা বেরিয়ে যেত রেলের কাজ চলায় তা বন্ধ হয়ে রয়েছে। জল কোন দিক দিয়ে বের করা হবে, তা বোঝা যাচ্ছে না। রেল কর্তৃপক্ষ এবিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। পুরসভার এক আধিকারিক বলেন, এবিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে।
  • Link to this news (বর্তমান)