নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জনপ্রিয় ভ্লগারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। হুগলির মগরা থানার গজঘণ্টার বাসিন্দা ওই ভ্লগারের নাম সায়নী চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে গজঘণ্টার দে’পাড়ার বাসিন্দা সায়নীর ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার হয়। বছর তেইশের সায়নী তাঁর মায়ের সঙ্গে বাড়ির গৃহপালিত গোরু ও প্রাত্যহিক জীবন নিয়ে ভ্লগ করতেন। সামাজিক মাধ্যমে তিনি তাঁর ‘গোরু সুন্দরী’কে নিয়ে ভ্লগ করে বিশেষ জনপ্রিয় হয়েছিলেন। তাঁর গোরুর নাম সুন্দরী। সেই কারণে ওই তরুণীকে সামাজিক মাধ্যমে সবাই ‘সুন্দরী দিদি’ নামেই বেশি চিনতেন। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই তদন্তে নামে মগরা পুলিশ। শুক্রবার পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোনো সুইসাইড নোট অবশ্য মেলেনি। স্থানীয়দের অভিযোগ, সায়নীর অস্বাভাবিক মৃত্যু হলেও তা নিয়ে পরিবারের তরফে সবটাই গোপন রাখা হয়েছে। সায়নীর তাঁর ভ্লগে তাঁর মা’কেও দেখা যেত। মা ও মেয়ে মিলেই মূলত ভ্লগ করতেন। তাঁর মা মলি চক্রবর্তী ওই ঘটনা নিয়ে মুখ খোলেননি। তবে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সায়নীর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন তাঁর অস্বাভাবিক মৃত্যুর পিছনে থাকতে পারে। তবে এনিয়ে নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে, সায়নীর মৃত্যু ঘিরে রহস্য থাকছেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়নী মগরার বাগাটি কলেজের ছাত্রী ছিলেন। সম্প্রতি তিনি এলএলবি করেছিলেন। এক নেট নাগরিকের সূত্রে জানা গিয়েছে, বুধবারও ভ্লগ দিয়েছিলেন সায়নী। সেখানে লিখেছিলেন, ‘আর এই মাঠে আসব না’। সেখানেই কোনো ইঙ্গিত ছিল না স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকাল থেকে আর সত্যিই নেটপাড়ায় সায়নীকে দেখা যায়নি।