• প্রত্যেক বিধায়ককে এক হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা রাজ্যের
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে নিজ নিজ এলাকায় এক হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা স্থির করে দিল নবান্ন। শুক্রবার এই মর্মে প্রত্যেক জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় ১.১ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের বিভিন্ন স্তরে চারাগাছ বিতরণ ও রোপণের সিদ্ধান্ত হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারা, ব্লক স্তরে ১০০টি করে, পুরসভা স্তরে ২০০টি করে এবং বরো স্তরে ৩০০টি করে চারা রোপণের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজ নিজ এলাকায় ১ হাজার করে চারা রোপণ করবেন। এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তিন সদস্যের রাজ্যস্তরীয় সমন্বয় টিম গঠন করেছে রাজ্য। আগামী বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচির সূচনা হবে। চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)