নিজস্ব প্রতিনিধি কলকাতা: তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ এখনই সেখানে বুলডোজার চালানো যাবে না। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পাল এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে হবে এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, ১২ মে তপসিয়ার একটি বহুতলের দোতলায় চামড়ার কারখানায় আগুন লেগেছিল। পুড়ে মৃত্যু হয়েছিল দু’জনের। আরও তিনজন গুরুতর জখম হয়েছিলেন। ওই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিরানি বাড়ি ভাঙার কাজ শুরু হয়। কিন্তু বিষয়টি নিয়ে মামলা হয়। তার জেরে ১৫ মে তিলজলা থানা এলাকার তপসিয়ায় ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এখনই সেখানকার কোনো বাসিন্দার পুনর্বাসনের বন্দোবস্ত করা যাবে না বলেও জানিয়েছিল বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ। শহরে বেআইনি নির্মাণ নিয়ে আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও আগের সরকার নিষ্ক্রিয় ছিল বলে মন্তব্য করেছিলেন বিচারপতি বসুচৌধুরী। যদিও স্থগিতাদেশের পাশাপাশি স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এদিন সেই সংক্রান্ত নির্দেশই বহাল রাখলেন বিচারপতি দত্ত পাল।