• এক সপ্তাহের মধ্যে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি মৃৎশিল্পীদের
    বর্তমান | ৩০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিমা তৈরির মাটি নিয়ে আগামী সপ্তাহের ম঩ধ্যে সমস্যা না মিটলে এবার বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। শুক্রবার কুমোরটুলির মৃৎ শিল্পী সংগঠনের কর্তারা সাফ জানিয়েছেন, ‘ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন মহলকে জানানোর পাশাপাশি স্থানীয় বিধায়ককে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। তাই আগামী সপ্তাহের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আন্দোলনে নামা ছাড়া অন্য পথ খোলা থাকবে না।’ মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। প্রতিটি শিল্পীর ঘরেই প্রতিমার কাঠামো বাঁধা হচ্ছে। কিন্তু মাটির অভাবে প্রতিমার কাজ থমকে রয়েছে। পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে। তাতে কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়বে বৃহত্তর এই পটুয়াপাড়া। ইতিমধ্যে বেশ কিছু প্রতিমার বরাত বাতিল করা হয়েছে।’

    কুমোরটুলি সূত্রে জানা গিয়েছে, এতদিন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে লরি করে প্রতিমা তৈরির মাটি আসত। সেই তালিকায় ছিল‑ ডায়মন্ডহারবার, ক্যানিং, ফলতা, বিষ্ণুপুর প্রভৃতি। আর অন্যদিকে,       হাওড়ার উলুবেড়িয়া থেকে নৌকা করে মাটি আসত কুমোরটুলি ঘাটে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উলুবেড়িয়া থেকেও মাটি আসা বন্ধ হয়ে গেল। মৃৎশিল্পীদের বক্তব্য, ‘উলুবেড়িয়া থেকে মাটি আসা বন্ধ হওয়ার অর্থাৎ এবার কাজ বন্ধ করা ছাড়া আমাদের হাতে অন্য উপায় থাকল না।’ শুক্রবার পটুয়াপাড়ার বনমালী সরকার স্ট্রিট, কুমোরটুলি স্ট্রিট, রবীন্দ্র সরণি প্রভৃতি এলাকার মৃৎশিল্পীরা বলেন, ‘মন মেজাজ বড্ড খারাপ। কিন্তু একেবারে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। তাই বাঁশ কাটা, কাঠামোর উপর বিচালি বাঁধা, গোডাইন সাঁফসুতরো প্রভৃতি কাজকর্ম নিয়ে রয়েছি। প্রতিদিন সমিতির অফিসে গিয়ে খোঁজখবর নিচ্ছি। দেখা যাক, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়।’ মৃৎশিল্পীদের কথায়, ‘পুজো এগিয়ে আসছে, আমরা চাই, সমস্যা দ্রুত সমাধান হোক।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)