তৃণমূল নেতা ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! মিলল বিপুল সোনার গয়না
প্রতিদিন | ৩০ মে ২০২৬
বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। পুলিশি অভিযানে মিলল বিপুল পরিমাণ সোনার গয়না। কীভাবে ওই টাকা, গয়না এল সেই প্রশ্ন উঠেছে। পুলিশ শামিম শেখ নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বেআইনি বালি ব্যবসা ও বালিঘাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
রাজ্যে পালাবদলের পর দুর্নীতির অভিযোগে ধরপাকড় চলছে বিভিন্ন জায়গায়। দুর্নীতি ইস্যুতে গ্রেপ্তারিতে জিরো টলারেন্স দেখানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভুমে নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তৃণমূলের সিন্ডিকেট রাজের মাধ্যমে মোটা টাকায় সেইসব বালিঘাট পরিচালিত হয় বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পর বালিঘাটগুলিতেও পুলিশ নজরদারি শুরু করেছে। অবৈধ বালি ব্যবসায় রাশ টানতে বধ্যপরিকর জেলা প্রশাসন। পালাবদলের পর থেকে বালিপাচার কিছুটা কমেছে বলেও খবর।
শুক্রবার রাতে মহম্মদবাজার থানার পুলিশ হানা দেয় সোহেল শেখ, লবান শেখ ও সামিম শেখের বাড়িতে। সকলে একই বাড়িতে থাকেন বলে খবর। তল্লাশি শুরু হতেই দেখা যায় বাড়িতে টাকার পাহাড়। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ সোনার গয়না। বাড়ি ও অফিস থেকে নগদ মিলিয়ে ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও প্রায় ৫০২ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত টাকা নগদে কীভাবে রয়েছে? ওই বিপুল গয়নার উৎস কী? সেই তথ্য পাওয়া যায়নি। তারপরই এই অভিযানে শামিম শেখ নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এই ব্যবসায়ীরা প্রত্যেকেই বালি ব্যবসা ও বালিঘাটের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁদের একটি রাস্তা তৈরির ঠিকাদারি সংস্থাও রয়েছে।