• রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন সুরজিৎ নাথ মিত্র
    eTV Bharat | ৩০ মে ২০২৬
  • কলকাতা, 30 মে: রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় মাসখানেক হতে চলেছে ৷ রাজ্যে পালাবদলের পর কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি আইনজীবীদের প্যানেল একের পর এক প্রকাশিত হয়েছে ৷ ইতিমধ্যেই হাইকোর্টে দু'জন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও আইনজীবী রাজদীপ মজুমদারের নাম ঘোষণা করেছিল রাজ্য সরকার। শুক্রবার অ্যাডভোকেট জেনারেল (এজি) নিযুক্ত হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র ৷

    তৃণমূল সরকারের পতনের পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থেকে সরে দাঁড়ান কিশোর দত্ত ৷ তার পর থেকেই এই পদ শূন্য ছিল ৷ অবশেষে এজি পদে নিয়োগ করল রাজ্য সরকার ৷ শুক্রবার অ্যাডভোকেট জেনারেল (এজি) হিসেবে আইনজীবী সুরজিৎ নাথ মিত্র নিয়োগের নামে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷

    1983 সাল থেকে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন সুরজিৎ নাথ মিত্র ৷ 1978 থেকে 1982 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আইন নিয়ে পড়াশোনা করেছেন ৷ পরে সিভিল ও কমার্শিয়াল ক্ষেত্রে আইনজীবী হিসাবে পরিচিতি লাভ করেন ৷ বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টে মূলত সিভিল এবং বাণিজ্যিক কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করেন। গত প্রায় চার দশক ধরে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে প্র‍্যাকটিস করছেন ৷

    2023 সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলায় রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেছিলেন। এবার সেই সুরজিৎ নাথ মিত্রকেই এজি অর্থাৎ মুখ্য আইনি পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল রাজ্য সরকার ৷

    মুখ্যসচিব পদে মনোজ আগরওয়ালকে নিয়োগের পর অ্যাডভোকেট জেনারেলের পদ নিয়েও জোর চর্চা চলছিল প্রশাসনিক ও আইন মহলে ৷ তৃণমূল সরকারের আমলে এই পদে ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত ৷ বিজেপি ক্ষমতায় আসার পর গত 5 মে তিনি পদত্যাগ করেন ৷ তারপর থেকেই প্রশ্ন উঠছিল, রাজ্যের হয়ে আদালতে সওয়াল করার দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে ৷ অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সুরজিৎ নাথ মিত্রের নাম ঘোষণা করে বিজেপি সরকার ৷
  • Link to this news (eTV Bharat)