নিউ চণ্ডীগড়, 30 মে: উপেক্ষার জবাব নাকি অন্য কিছু ? চলতি আইপিএলে শুভমন গিলের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি হয়তো জাতীয় নির্বাচকদের ভুল প্রমাণের জন্য ব্যাটিং করছেন ৷ টি-20 বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে না-পারার হতাশা সুদে-আসলে পুষিয়ে দিচ্ছেন আইপিএলের মঞ্চে ৷ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারও সাক্ষী রইল ভারতের টেস্ট ও ওয়ান-ডে অধিনায়কের ধ্রুপদী ব্যাটিংয়ের ৷ গিলের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেল 'বিস্ময় বালক' বৈভব সূর্যবংশীর 96 রানের ইনিংস ৷
আর অধিনায়কের ব্যাটে সহজেই 215 রান তাড়া করে তৃতীয়বারের জন্য আইপিএল ফাইনালে প্রবেশ করে গেল গুজরাত টাইটান্স ৷ আট বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল শুভমন গিল অ্যান্ড কোম্পানি ৷ যা আইপিএলের ইতিহাসে গুজরাতের সর্বাধিক রান তাড়া করে জয় তো বটেই, আইপিএলের প্লে-অফেও এদিন সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল তারা ৷
গত দু'টি ম্যাচে যথাক্রমে 93 এবং 97 রানের ইনিংস খেলা বৈভব সূর্যবংশী ভার্চুয়াল সেমিফাইনালে এদিনও বিস্ফোরক ইনিংস খেললেন, তবে তা অনেক বেশি পরিস্থিতি নির্ভর ৷ মূলত একার কাঁধেই তিনি এদিন টানেন রয়্যালস ব্যাটিংকে ৷ শেষ ওভারে রশিদ খানকে চার ছক্কা হাঁকিয়ে ডোনোভান ফেরেইরা 27 রান নিলেন বটে, তবে রয়্যালস ব্যাটিংয়ের চুম্বক বছর পনেরোর বৈভবই ৷
আটটি চার ও সাত ছক্কায় 47 বলে এদিন 96 রান করেন তিনি ৷ ফের সেঞ্চুরি হাতছাড়া করলেও বৈভবের ব্যাটেই স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তোলে রয়্যালস ৷ 237.3 স্ট্রাইক-রেটে 776 রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে অবস্থানও মজবুত হল রয়্যালস ওপেনারের ৷ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে এসে 35 বলে মূল্যবান 45 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা ৷ শেষদিকে ফেরেইরার 11 বলে বিস্ফোরক 38 রান রয়্যালসকে ছয় উইকেট হারিয়ে পৌঁছে দেয় 214 রানে ৷
দুরন্ত জেসন হোল্ডার চার ওভারে 27 রানে নেন জোড়া উইকেট ৷ 35 রানে দুই উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেলেন কাগিসো রাবাদা ৷ রান তাড়া করতে নেমে অবশ্য মুল্লানপুরের বাইশ গজ আলো করেন গুজরাত অধিনায়ক ৷ সাই সুদর্শন 32 বলে 58 করে আউট হলেও পঞ্চম আইপিএল সেঞ্চুরিটি পূর্ণ করেন গিল ৷ ওপেনিং জুটিতে 167 রানই জয় নিশ্চিত করে দেয় গুজরাতের ৷ ম্যাচের সেরা গিলের 53 বলে 104 রানের ইনিংসে ছিল 15টি চার ও তিনটি ছক্কা ৷
15 ওভারে গিল যখন ফেরেন তখন ম্যাচের ভাগ্য গুজরাতের দিকে ঢলে পড়েছে ৷ এরপর ওয়াশিংটন সুন্দর 16 রানে ফিরলেও অপরাজিত থেকে দলকে জেতান জস বাটলার (9 রান) ও রাহুল তেওয়াটিয়া (17 রান) ৷ 18.4 ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে 219 রান তুলে ফাইনালে পৌঁছে যায় গুজরাত টাইটান্স ৷ দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা ৷ যা প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি ৷ টানা দ্বিতীয় খেতাবজয়ের লক্ষ্যে আরসিবি-ও ৷